প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৯:০৪
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে সারের সংকট ছিলো না, সারের সংকট নেই। আগামী দিনেও সারের সংকট হওয়ার কোন সম্ভাবনা নেই। বর্তমান সময়ে জমিতে ক্রপ বেড়ে গেছে। এখন সমস্ত জমিতে ধান। ধান কাটার পরে সারের প্রয়োজন হবে, আরেকটি ফসলের জন্য। তার মানে এখন থেকে আরোও ২৫ দিন বা এক মাসের ঘটনা। তাই এখন সার সংকট কেন হবে আমি বুঝি না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শন এবং একই ইউনিয়নের বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, এই সরকার জনগনের সরকার। এই সরকার কৃষকের সরকার। এই সরকারের প্রধান উদ্দেশ্য কৃষিকে স্বাবলম্বী করা। কৃষিকে বাড়ানো এবং কৃষি পণ্যকে রপ্তানী মুখী করা। সুতরাং সার যতো প্রয়োজন হবে ততোই দেওয়া হবে।
সারের ডিলার নিয়োগ নিয়ে তিনি আরোও বলেন, সারের ডিলার নিয়োগে সরকারের পক্ষ থেকে একটা নীতিমালা করা হয়েছে। নীতিমালাতে ডিলারের কতোগুলি শর্ত ছিলো। এই এই শর্তগুলি পালন করলে একজন লোক ডিলারের লাইসেন্স পাবে। সেই অনুযায়ী শর্ত পূরণ করার শর্তে বিভিন্ন ইউনিয়ন থেকে একের অধিক লোকে আবেদন করেছিলো ডিসির বরাবরে। সেগুলো তদন্ত করার জন্য উপজেলা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। তাদের পাঠানো তিন জনের নামের লিস্টের এক নাম্বার জনকে সারের ডিলার দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে বা একক সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: