প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৪৮
বিভাগীয় তারুণ্য উৎসবের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছানো জরুরি। কারণ জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের ওপর প্রভাব ফেলছে না, এর ফলে বিদ্যমান সামাজিক ও জেন্ডার বৈষম্যও আরও গভীর হচ্ছে। তাই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে তরুণদের জ্ঞান, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগাতে হবে। তরুণদের কার্যকর অংশগ্রহণ ও উদ্যোগ ছাড়া টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করা সম্ভব নয়।’
বুধবার (২ সেপ্টেম্বর) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক বিভাগীয় ‘তারুণ্য উৎসব’-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। তরুণদের জ্ঞান, উদ্ভাবন, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতাকে কার্যকরভাবে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী ও তরুণদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়ভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
নাগরিক সংগঠন ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। ‘তরুণদের উদ্যোগের অগ্রসরতায় নিশ্চিত হবে টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার। রাজশাহী মূল নিবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মদন দাস। অনুষ্ঠানে রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, বিএসডিওর নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন এবং ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা বক্তব্য দেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জলবায়ু, জেন্ডার সমতা, শিক্ষা, ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে রাজশাহী ও নওগাঁ জেলার তরুণ ক্লাইমেট চ্যাম্পিয়নদের নিয়ে প্যানেল আলোচনা হয়।
এতে চারঘাট, তানোর, গোদাগাড়ী, মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় তরুণদের জলবায়ু ও জেন্ডার সমতাবিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
এ ছাড়া উৎসবে ‘আইডিয়া প্রতিযোগিতা’, দেয়ালিকা প্রদর্শনী এবং জলবায়ু পরিবর্তন ও নারী উন্নয়নবিষয়ক গম্ভীরা পরিবেশিত হয়। পরে কুইজ, উপস্থিত বক্তৃতা ও আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে কয়েকটি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম রাজশাহী ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবেই এ তারুণ্য উৎসবের আয়োজন করা হয়।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: