প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৬, ২৩:২৭
মৌলভীবাজারের কমলগঞ্জে অটোরিকশার পেছনের সিটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে প্রকৃত মালিককে খুঁজছেন সিএনজি অটোরিকশাচালক মো. জমসেদ মিয়া। টাকা পেয়েও নিজের কাছে না রেখে মালিকের সন্ধানে তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।
জমসেদ মিয়া ভানুগাছ চৌমুহনী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের চালানো অটোরিকশার পেছনের সিটে বেশ কিছু টাকা পড়ে থাকতে দেখেন তিনি। এরপর থেকেই টাকার মালিককে খুঁজছেন জমসেদ।
জমসেদ মিয়া বলেন, ভাই অন্যের টাকার ওপর আমার লোভ নেই। আমি সিএনজি চালক। কুড়িয়ে পাওয়া টাকা তাই প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে চাই।
তিনি জানান, টাকার প্রকৃত মালিককে শনাক্ত করার পর উপযুক্ত প্রমাণ যাচাই করে টাকা ফেরত দেওয়া হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পর্যন্ত টাকার মালিকের সন্ধান পাওয়া যায়নি।
টাকার প্রকৃত মালিককে শনাক্ত করতে হারানো টাকার সঠিক পরিমাণ, কোথায় ও কীভাবে টাকা হারিয়েছেন এবং অন্যান্য নির্দিষ্ট তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। যাচাই-বাছাই শেষে প্রমাণ সঠিক হলে টাকাগুলো মালিকের হাতে তুলে দেওয়া হবে।
কেউ টাকা হারিয়ে থাকলে ভানুগাছ চৌমুহনী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গিয়ে চালক মো. জমসেদ মিয়ার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: