প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৯:০৯
হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাই নবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন।
সোমাবার (৩১ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর নিকট স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ। এই জেলা প্রশাসক তাদের দাবি দাওয়ার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
স্মারকলিপিতে ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন (সবুজ) জানান, বর্তমানে হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকেরা চরম দুর্ভিষহ জীবনযাপন করছেন। প্রয়োজনীয় পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বই না দিয়ে তাদের দৈনিক ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে, যা প্রচলিত শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির গেজেট প্রকাশের ১৮ মাস পার হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।
সংগঠনটির নেতৃবৃন্দ আরও জানান, ন্যায্য অধিকার ও মজুরি পাওয়ার আন্দোলনে যুক্ত থাকার কারণে অনেক নির্দোষ শ্রমিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। শ্রম আইনের সঠিক বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের মাধ্যমে নিয়মিত তদারকি চালানো এবং আন্দোলনরত শ্রমিকদের ওপর দায়েরকৃত সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ ও হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের আইন উপদেষ্টা ইসমাঈল হোসেন সিরাজী, সহ সাধারন সম্পাদক ইসরাফিল হোসেন সাগর, কার্যনির্বাহী সদস্য রাজা বাবু ও খোরশেদ আলমসহ প্রমুখ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন আলাউদ্দিন, ঘোষ নবাব ও তামান্না হোটেলসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের বেশ কিছু হোটেলের শ্রমিক বৃন্দ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: