[email protected] ঢাকা | শনিবার, ২৯শে আগস্ট ২০২৬, ১৪ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসাথে পাঁচ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৬, ২১:৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা ‘মরা নদী‘ ডুবে একসাথে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচজন  বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের কাউকে না জানিয়ে দলবেঁধে চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়। মেয়েরা একই সঙ্গে পানিতে নামার পর কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একে একে পাঁচজনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। এর পরে ৯৯৯ এ ফোন পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনা স্থলে পৌছায়।

স্থানীয়রা  আরোও জানায়, মাঝেমধ্যে এই নদীতে দুই একজন ডুবে মারা গেলেও এইপ্রথম একসাথে এতোগুলো শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আলফাজ বলেন, জুম্মার নামাজের পর শুনতে পাই এলাকায় শরিফুলের মেয়ের সাথে আরোও কয়েকজন ডুবে গেছে। পরে দৌড় দিয়ে নদীর পাড়ে যায়। পরে স্থানীয়রা শিশুদের মরদেহ উদ্ধার করে। এর আগে এই এলাকায় একসাথে এতো শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেনি। বিষয়টি খুবই মর্মান্তিক। 

আরেক বাসিন্দা সোহেল বলেন, দেবিনগর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে পাঁচজন নদীতে ডুবে মারা গেছে। এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি পদ্মা নদীর শাখা  মরা নদীতে পাঁচজন শিশু ডুবে মারা গেছে। আনুমানিক ০১ টার দিকে শিশুগুলো গোসল করতে যায়। তারপর একে একে পাঁচজন শিশুই ডুবে মারা যায়। বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা।  ডুবে যাওয়ার সময় একটা মহিলা দেখতে পায় তারা হাবুডুবু খাচ্ছে এবং স্থানীয়দের চিৎকার দিয়ে ডাকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে, একই পাড়ায় বাড়ি এবং তারা পরষ্পর আত্নীয় স্বজন। এছাড়া আমরা এই বিষয়ে নৌপুলিশকে অবহিত করেছি। নৌপুলিশ আইনগত ব্যাবস্থা নিবে এবং আমরা জেলা পুলিশ যথাযথ সার্বিক সহোযোগিতা করবো।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর