[email protected] ঢাকা | সোমবার, ১৭ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে মাস্তুল ফাউন্ডেশনের ২২ টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ২০:২৭

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ করেছে মাস্তুল ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশন সারা বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠানটির কাজ শুধু টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও তারা বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও মাস্তুল ফাউন্ডেশনের ভূমিকা রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের জন্য প্রতিষ্ঠানটি সুষম খাদ্য, ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে এসব ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দেন তিনি।

নিজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট থাকি।’

মো. মিজানুর রহমান মিনু বলেন, সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া টিউবওয়েল ও সেলাই মেশিন তুলে দেন ভূমিমন্ত্রী। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে রাজশাহী মহানগরীতে এসব ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর