প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ১১:০৯
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নুরু ইসলামের বাড়িসহ আশপাশের প্রায় ৯ থেকে ১০টি ঘর পুড়ে যায়। আগুনে ২৬ মণ পাট,নগদ তিন লাখ টাকা, পেয়াজ পুড়ে ছাঁই হয়েছে। এছাড়া ফ্রিজ, টিভি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নুরু ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের মতে,গরুর গোয়ালে কয়েল জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তাপে ফ্রিজের কম্প্রেসার ও ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘর-বাড়িগুলোতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিনহাজুল হক জানান, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: