প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৬, ২১:৩৩
রাজশাহীর বাগমারায় মায়ের কোলে থাকা দুই বছরের শিশু সন্তানকে চুল কাটানোর কথা বলে নিয়ে যাওয়ার পর উধাও হয়েছেন বাবা। শিশুটিকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা মোছা. জান্নাত। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের সাদেক আলী ঢাকায় একটি বেকারি কারখানায় কর্মরত। তার প্রথম স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে সংসার করলেও তারা নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় তারা বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার গোপাল সরকারের মেয়ে লিলি সরকারকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন।
পরে লিলি সরকার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোছা. জান্নাত নাম ধারণ করেন। প্রথম স্ত্রীর সম্মতিতে প্রায় তিন বছর আগে সাদেক আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। শিশুটির নাম মো. আব্দুর রহমান তাহাসিন। বর্তমানে তার বয়স দুই বছর।
জান্নাতের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই স্বামী ও সতীনের পক্ষ থেকে তার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বাগমারায় বাবার বাড়িতে চলে আসেন। কয়েক দিন পর সাদেক আলীও শ্বশুরবাড়িতে এসে স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুরে মচমইল বাজারে নরসুন্দরের কাছে শিশুটির চুল কাটানোর কথা বলে মায়ের কোলে থাকা শিশু তাহাসিনকে নিয়ে চলে যান সাদেক আলী। এরপর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিশুটিকে নিয়ে যাওয়ার পর স্বামীর ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি বলে জানান জান্নাত। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তিনি। সন্তানকে দ্রুত উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন অসহায় মা।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসআই জহিরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: