প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৬, ১৮:৩৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমানের সংগ্রামী জীবনের কাহিনি গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি-চৌহালী,সিরাজগঞ্জ । সংগঠনটির দুই প্রবাসী সদস্যের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) তেলিপাড়া গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে গিয়ে এ অর্থ তুলে দেন ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুবনেতা মো. মিনহাজুল ইসলাম।
৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনসংগ্রাম করে আসছেন। দৃষ্টিপ্রতিবন্ধকতা তার জীবনের পথচলাকে কঠিন করে তুললেও জীবিকার তাগিদে থেমে থাকেননি তিনি। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি কাঠকাটা মিলে কাজ করেন। তার সামান্য উপার্জনেই চলে ৭০ বছর বয়সী মা রুলি বেগমের সংসার।
সম্প্রতি মুখলেসুর রহমান ও তার মায়ের মানবিক ও সংগ্রামী জীবনের কাহিনি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।আর্থিক সহায়তা পেয়ে মুখলেসুর রহমান ও তার মা রুলি বেগম সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও মুখলেসুর রহমান দীর্ঘদিন ধরে পরিশ্রম করে নিজের এবং মায়ের জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই সংগ্রামী জীবন সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণার।
মিনহাজ/আ.আ
মন্তব্য করুন: