[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৬, ১০:৪৫

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (টিমন) নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলার/ট্রলি গাড়িতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরও ওই রুটে ট্রেন ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর