প্রকাশিত:
১ আগষ্ট ২০২৬, ১২:১৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাংস ও জড়িতদের আটক করে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গরুটি পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সেটি যে মারাত্মক অসুস্থ ছিল তা নিশ্চিত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় গরুর মালিক বেগপুর গ্রামের তেনু কর্মকারের ছেলে স্বপ্ন কর্মকারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ ও রোগাক্রান্ত গরু কম দামে কিনে জবাই ও মাংস বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। এ ঘটনার নেপথ্যে থাকা ‘টুটুল ও রাব্বুল সিন্ডিকেট’ নামের এক দালাল চক্রকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
শাহীন আলম/আ.আ
মন্তব্য করুন: