প্রকাশিত:
২৩ জুলাই ২০২৬, ২১:৪০
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ ও ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন এবং বিক্রি-বিতরণ করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন শামিম সুইটস-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: