প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৬, ২২:২১
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ টেলিভিশনে প্রচার এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুল ওয়াহাব ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাতে সাংবাদিকের নিজ বসতবাড়িতে গিয়ে মাদক ব্যাবসায়ী তানিয়া খাতুন কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির ঘটনায় আজ রোববার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বৈশাখী টেলিভিশনে মাদক ব্যাবসা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হয় এবং মো: আব্দুল ওহাব তার ব্যক্তিগত ফেসবুক পেজে সংবাদটি শেয়ার করেন। এর জের ধরে গতকাল রাত পৌনে ৯টার দিকে তানিয়া নামক এক মাদক ব্যাবসায়ী সাংবাদিকের বাড়িতে চড়াও হন। তানিয়া এ সময় সাংবাদিকের স্ত্রী মোসা: সোনিয়া খাতুনকে উদ্দেশ্য করে চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন এবং তার স্বামীকে মাদকবিরোধী সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অন্যথায় সাংবাদিকের পা ভেঙে দেওয়া এবং তাদের বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি প্রদান করেন। এমনকি এ সময় বাধা দিতে গেলে সাংবাদিকের বৃদ্ধ মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনার সময় স্থানীয়রা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে সাংবাদিক আব্দুল ওয়াহাব ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুল ওয়াহাব জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজে) সভাপতি ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি রফিকুল আলম বলেন, মাদকসহ অন্যান্য সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের দায়্ত্বি। নিজ পেশাদ্বারিত্ব পালন করতে গিয়ে প্রাণ নাশের হুমকি পাওয়া চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের জন্য আশনিসংকেত। আমরা এই তীব্র নিন্দা জানায় এবং কঠোর আইনী পদক্ষেপ দেখতে চাই।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর এলাকার বাসিন্দা তানিয়া খাতুন দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত এবং তিনি একাধিক মাদক মামলারও আসামী।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: