প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৯
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার বদরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলমগীর ফরিদ ডজনখানেক গাড়ির বহর নিয়ে চকরিয়ার বদরখালী সড়ক হয়ে মহেশখালী ফিরছিলেন। পথিমধ্যে গাড়িবহরটি বদরখালীর আহমেদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরে থাকা তৃতীয় গাড়ি শিশু ওয়ালিদকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওয়ালিদকে চাপা দেওয়া গাড়িটি ভাঙচুর করে, এসময় সংসদ সদস্য আলমগীর ফরিদকে তার সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়িতে নয়, বহরে থাকা অন্য একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। তার মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পর আলমগীর ফরিদ নিরাপদে তার গন্তব্যে পৌঁছেছেন।
মুঠোফোনে আলমগীর ফরিদ ঢাজানান , আমার গাড়ির সাথে দুর্ঘটনা হয়নি, অন্য একটি গাড়ির সাথে হয়েছে। আমি ঠিক আছি। একটা মিটিংয়ে আছি বলে পরক্ষণে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আলমগীর ফরিদ তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।
সূত্র: ঢাকা পোস্ট/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: